নিজস্ব প্রতিবেদক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর অভিনীত বেশ কিছু নাটক ও টেলিফিল্ম প্রচারিত হচ্ছে এবারের ঈদে। বুধবার সন্ধ্যায় সাবিলা নূর লাইভে হাজির হয়ে নিজের কাজগুলো দেখার অনুরোধ জানান। সেই সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। ঈদ কীভাবে কাটিয়েছেন সে বিষয়ে সাবিলা নূর বলেন, ‘আমি ঢাকাতেই ঈদ করছি।

পরিবারের সঙ্গেই কাটাচ্ছি। পরিবারকে সময় দিচ্ছি। ’
নিজের কাজ নিয়ে তিনি বলেন, ‘গতকাল আমার দুটি নাটক টিভিতে প্রচারিত হয়েছে। ‘প্রিয়জন’ ও ‘ডিগবাজি’। দুটোই বাংলা ভিশনে অনএয়ার হয়েছে। এর মধ্যে ‘ডিগবাজি’ সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। বাকিটাও ইউটিউবে প্রকাশ পাবে। এ ছাড়া ‘কিডন্যাপার’ও অনএয়ার হয়েছে। এটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


এবারের ঈদে সব ধরনের কাজ করেছেন জানিয়ে সাবিলা বলেন, ‘চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে। কমেডি, অ্যাকশন, থ্রিলার সব ধরনের কাজ করার চেষ্টা করেছি। ’
সাবিলা আরও বলেন, ‘আমি এবারের কাজগুলো নিয়ে খুবই এক্সাইটেড। আপনাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই পুরো মাস জুড়ে আমরা কষ্ট করে কাজ করি। কাজগুলো যখন মানুষকে আনন্দ দেয় তখন আমাদের উৎসাহটা আরও বেড়ে যায়। ’

উল্লেখ্য, সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অসংখ্য দর্শক নন্দিত নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন।