থার্ডআই ডেস্ক

মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটাও স্বস্তিতে পার করে দিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩১৮ রান করেছে বাংলাদেশ।
স্বাগতিকেরা পিছিয়ে আছে আরও ৭৯ রানে। মুশফিক ১৩৪ বলে ২ চারে ৫৩ এবং উইকেটরক্ষক লিটন ১১৩ বলে ৮ চারে ৫৪ রানে অপরাজিত আছেন।

দুজনে ২১১ বলে করেছেন ৯৮ রানের জুটি।
তৃতীয় দিন পুরোটায় আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। তার মধ্যে চার ব্যাটার পেয়েছেন পঞ্চাশোর্ধ্ব রান। সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল।  ফিফটির দেখা পান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।  সারাদিনে শ্রীলঙ্কা পেয়েছে মাত্র তিন উইকেট। তিনটিই দ্বিতীয় সেশনে।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ সুবাদে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। আগেরদিন তৃতীয় সেশনে প্রথম ইনিংস শুরু করে বাংলাদেশ ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান করে দিন পার করেছিল।

মুশফিক-লিটনের ফিফটি
‘রিটায়ার্ড হার্ট’ তামিমের পরিবর্তে তৃতীয় সেশনে মুশফিকের সঙ্গে ব্যাটিংয়ে নামেন লিটন। দুর্দান্ত ব্যাটিংয়ে দিন পার করে দেন দুজনে। টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন লিটন। পরের ওভারে ২৬তম ফিফটি উদ্‌যাপন করেন মুশফিক।
‘রিটায়ার্ড হার্ট’ তামিম
চা বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি তামিম। তার পরিবর্তে লিটনকে নিয়ে তৃতীয় সেশন শুরু করেন মুশফিকুর রহিম। ডান হাতের পেশিতে টান পড়েছে তামিমের। জ্যৈষ্ঠের তীব্র গরমে পানিশূন্যতা দেখা দেয় তার শরীরে। এতে পেশিতে টান পড়ে এই ড্যাশিং ওপেনারের। ২১৭ বলে ১৫ চারে ১৩৩ রানে অপরাজিত আছেন তামিম।
শান্ত-মুমিনুলের ব্যর্থতা
মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি নাজমুল হোসেন শান্ত (১) ও অধিনায়ক মুমিনুল হক (২)। জোড়া আঘাত হেনে বাংলাদেশকে চাপে ফেলে দেন কাসুন রাজিথা। দ্বিতীয় দিন মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দোর ‘কনকাশন’ বদলি হিসেবে তৃতীয় দিনে মাঠে নামেন এই পেসার।
৫ বছর পর বাংলাদেশের শতরানের ওপেনিং জুটি
দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে টাইগারদের প্রথম উইকেট হিসেবে আশিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষক নিরোশান দিকভেলার গ্লাভস বন্দী হন জয়। টাইগার ওপেনারের ১৪২ বলে ৫৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চারে। টেস্টে এটি তার দ্বিতীয় ফিফটি। তার আগে তামিমের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েন জয়। সেই সঙ্গে ৫ বছর পর ওপেনিংয়ে শতরানের জুটি দেখল বাংলাদেশ। ৩৫ রান নিয়ে দিন শুরু করেন তামিম। আর জয় নামেন ৩১ রান নিয়ে।

তামিম-মুশফিকের শীর্ষস্থানের লড়াই
টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি পেয়েছেন তামিম। চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্টে তার রান ছিল ৪৮৪৮। তার চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করার পথে মুশিকে টপকে যান তামিম। তবে ফিফটি করে হারানো সিংহাসন ফের উদ্ধার করেছেন মুশফিক।
৮১ টেস্টে তার বর্তমান রান ৪৯৮৫। আর ১৫ রান করলে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখাবেন মুশফিক। এই মাইলফলকে পা রাখতে তামিমের লাগবে ১৯ রান। ‘রিটায়ার্ড হার্ট’ না হলে হয়তো এই রেকর্ড নিজের করে নিতে পারতেন ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।