নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক এমএসএমই দিবস আজ সোমবার। মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের টেকসই উন্নয়ন ও অর্থনীতিতে এ খাতের অবদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ জুনকে ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ হিসাবে ঘোষণা করে।
বাংলাদেশের এসএমই খাত উন্নয়নের শীর্ষ সংগঠন হিসাবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় প্রতিবছর এ দিবস উদযাপন হয়ে থাকে। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা এবং নানা আয়োজনের মাধ্যমে এমএসএমই দিবস পালন করছে এসএমই ফাউন্ডেশন।
দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যটন ভবনে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে স্বাগত বক্তব্য দেবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।




