শরীয়তপুর প্রতিনিধি

ছুটির দিন শুক্রবার জাজিরা প্রান্তে পদ্মা সেতু দেখতে মানুষের ভিড় দেখা গেছে। তরুণ-তরুণীসহ সব বয়সীরা সেতু দেখতে আসেন। কেউ এসেছেন গাড়ি নিয়ে, কেউ ভ্যান, অটোরিকশায়, কেউ বা বাইকে।

অনেকে আবার পায়ে হেঁটে জাজিরা প্রান্তে এসেছেন পদ্মা সেতু দেখতে।

উৎসুকদের পদ্মা সেতুর সঙ্গে ছবি ও সেলফি তুলতে দেখা যায়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য জাজিরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় বসে ঝালমুড়ি, চটপটি, ফুচকা, বাদাম ও বিভিন্ন খেলনার দোকান।

শুক্রবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা সংলগ্ন ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। ২৬ জুন যানবাহনের জন্য সেতু খুলে দেওয়া হয়। তারপর থেকে সেতু দেখতে আসেন বিভিন্ন জেলার মানুষ। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ছুটির দিন ভিড় বেশি দেখা যাচ্ছে।
খাগড়াছড়ি থেকে আসা অংথুইপ্রু বলেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আজ পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছি। স্বপ্নের পদ্মা সেতু দেখে আমাদের খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

পদ্মা সেতু দেখতে আসা মিলন বলেন, ছুটির দিন আমি পরিবার নিয়ে শিবচর থেকে এসেছি পদ্মা সেতু দেখতে। আমার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হলো।
মাদারীপুরের তানহা ইসলাম, যশোরের ইমরান, ঢাকার ফাহাদ, আলমগীর হোসেন বলেন, অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। ছুটির দিন তাই আমরা পদ্মা সেতু  দেখতে এলাম। সেতুটি কাছ থেকে দেখে মন জুড়িয়ে গেল।
শরীয়তপুরের বাসিন্দা সালাউদ্দিন মুন্না বলেন, বাড়ির কাছে সেতু। তাই দেখতে আসলাম। জাজিরা প্রান্তে মোটরসাইকেল নিয়ে এসেছি। সেতুতে তো আর উঠতে দেবে না তাই মোটরসাইকেল রেখে বাস ভাড়া দিয়ে সেতুর ওপরে যাব ভাবছি।