গোপালগঞ্জ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, কেন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা যুক্তরাষ্ট্রই জানে। আমাদের র‌্যাব বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী। তাদের ভেতর যারা অন্যায় করেন তাদেরও বিচার হয়েছে। এখনও র‌্যাবের অনেক সদস্য জেলে অন্তরীণ রয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি র‌্যাব একটি এলিট ফোর্স। অন্যায় যারা করেছেন তারা আইনের মুখোমুখি হয়েছেন। এটা কেন করেছেন তারাই (যুক্তরাষ্ট্র) জানেন।

তিনি মঙ্গলবার দুপুর আড়াইটায় পদ্মা সেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।

পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছার অনুভূতি ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা আমাদের দাবায়া রাখতে পারবা না। বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি করে দিখিয়েছেন। তিনি বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশ। আমাদের স্বপ্ন-হৃদয়ের পদ্মা সেতু হলো। আমাদের এ স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছেন।

অনেকে সেতু হওয়ার আগেই বলেছেন দুর্নীতি হয়েছে। যাতে সেতুটি না হতে পারে। অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে আমাদেরই হৃদয়ের সেতুটি উপহার দিয়েছেন।

এ সময় পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।