গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গামছা উড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন থামানোয় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শত শত যাত্রী। ঢাকা-ময়মনসিংহ রেলপথের লংগাইর ইউনিয়নের গুলাবাড়ি গ্রামের ১৩৫ নং ফরচুঙ্গির ব্রিজ এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ে হেঁটে পারাপারের সময় স্থানীয় লোকজন ব্রিজের ওপর ১০ ইঞ্চি পরিমাণ লাইন ভাঙা দেখতে পান। এ সময় দেওয়ানগঞ্জগামী ট্রেন আসতে দেখে গোলাবাড়ী গ্রামের আজিজুল হক, ফরহাদ মিয়া গলায় থাকা লাল গামছা উড়িয়ে এবং স্থানীয় লোকজন হইচই করে ট্রেন থামানোর জন্য চালককে ইশারা করে।
তাৎক্ষণিক চালক ট্রেন থামিয়ে দেন।
ট্রেনের সহকারী চালক ইদ্রিস আলী (৪০) জানান, সকাল সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা করে। ফুরচুঙ্গি ব্রিজ এলাকায় মানুষের ইশারা দেখে ট্রেন থামাই। যদি ট্রেন না থামানো হতো তাহলে ট্রেনের সবগুলো কামরা নদীতে পড়তো এবং অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতো। স্থানীয় মানুষদের সচেতনতার জন্য একটি বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেল।
এ দিকে মশাখালী রেলওয়ে স্টেশনের মাস্টার আমিনুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে খবর পাই ১৩৫ নং ব্রিজে লাইন ভাঙা থাকায় স্থানীয় লোকজন ট্রেন থামিয়ে দেয়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মশাখালী রেল স্টেশনে হাওর এক্সপ্রেস আটকা পড়ে। পরে দুপুর ১টার দিকে রেলপথ মেরামত করা হয়।




