নিজস্ব প্রতিবেদক
বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে চা খাওয়াবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই। আমি বসাব, চা খাওয়াব।
কথা বলতে চাইলে শুনব। কারণ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। তবে বোমাবাজি ও ভাঙচুর করলে বাধা দেব, উপযুক্ত জবাব পাবে। এটাই বাস্তবতা। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই।
আজ শনিবার (২৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় এসব কথা বলেন তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বাংলাদেশে যদি নির্বাচনের ক্ষেত্রে কোন শৃঙ্খলা এসে থাকে, সেটা আওয়ামী লীগের হাতে এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী। সেজন্য নির্বাচনের ক্ষেত্রে যতটা উন্নতি হয়েছে, সেটা আওয়ামী লীগের আমলেই হয়েছে।
আমরা দলের পক্ষ থেকে মহাজোটের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। শুধু তাই না ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, যাতে সিল মেরে বাক্স ভরতে না পারে। সেটার দাবি করেছিলাম।
আওয়ামী লীগ সবসময় মানবতার সেবা করে আসছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কিছু লোক সারাক্ষণ দোষ ধরা, খুত ধরা চেষ্টায় থাকে। আমরা বিদ্যুতের লোডশেডিং দিচ্ছি কারণ ডিজেলের দাম বেড়ে গেছে। এলএনজির দামসহ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। যে জার্মানির সুর তুলেছিল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা যাবে না। তারা কিন্তু আবার সেটাই ফেরত গেছে।




