নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। বৈশ্বিক মন্দার কারণে আমরা কিছুটা সংকটে আছি ঠিক। কিন্তু, যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।


এ সময় গতকালের বক্তব্যের ব্যাখা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়) আমরা ভালো আছি। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত’। মানে বক্তব্য টুইস্ট করা হয়েছে। ‘
শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেটে জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, শুক্রবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। ‘ তার ওই বক্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হলে নিজের বক্তব্যের ব্যাখা দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, তুরস্কে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলঙ্কায় ১৫০ ভাগ, আর আমাদের মুদ্রাস্ফীতি মাত্র সাত ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি।

আপনারা কিন্তু এই কথাগুলো বলেননি। এসব তুলনা করলে আমরা অনেক ভালো আছি। বিষয়টি না বুঝে টুইস্ট করা ঠিক হয়নি। ’

এদিকে, চলতি মাসের শেষে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের কথা জানিয়ে ওই বৈঠকে ছয়টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের সবকটি নৌ পথ আগের মতো সচল করতে চাই। সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে। ‘

তিনি বলেন, ‘সিলেটের আকস্মিক বন্যার সৃষ্টি হয় উজানের পাহাড়ি ঢলে। তাই, সেখানকার বন্যার পূর্বাভাস বাংলাদেশকে আগাম জানানো ও বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে জানানোর কথাও ভারতকে প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে ভারত নীতিগতভাবে সম্মত হয়েছে। ‘