থার্ডআই ডেস্ক
টুইটারে বয়কটের ট্রেন্ডের কারণে ভারতের বক্স অফিসে সুপার ফ্লপ আমির খানের ‘লাল সিং চাড্ডা’। তবে এত মন খারাপের মাঝেও বিদেশ থেকে আসা সুখবরে আশার আলো দেখছেন আমির অনুরাগীরা।
জানা গেছে, বিদেশের বাজের এই মুহূর্তে (২০২২) আমিরের ‘লাল সিং চাড্ডা’ সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। সম্প্রতি বিশ্বের বাজারে হিট ফিল্মের তকমা পাওয়া ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ভুলভুলাইয়া-২’ আর ‘কাশ্মিরী ফাইলস’-কেও ছাপিয়ে গিয়েছে আমিরের এই ছবি।
সাম্প্রতি রিপোর্ট বলছে, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ গত একসপ্তাহে বিদেশের বাজারে আয় করেছে ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৫৯ কোটি টাকা। সাম্প্রতিক বিদেশের বাজারে অন্যতম হিট ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ আয় ছিল ৭.৪৭ মিলিয়ন মার্কিন ডলার, ভুলভুলাইয়া ২-এর আয় ছিল ৫.৮৮ মিলিয়ন মার্কিন ডলার, কাশ্মীর ফাইলসের আয় ছিল ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার। তাই তুল্যমূল্য বিচারে এই সবকটি ছবির থেকেই এগিয়ে ‘লাল সিং’ চাড্ডা।
অবশ্য তেলেগু ছবি ট্রিপল আর ২০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছিল।
এদিকে সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুসারে দেশের বাজারে ৫৫ কোটির কিছু বেশি টাকার ব্যবসা করেছেন আমির খানের ‘লাল সিং চাড্ডা’। ছবির বাজেট ১৮০ কোটি টাকা।
ছবিটি মুক্তির আগে থেকেই লাগাতার সমালোচনার মুখে পড়ে। টুইটারে আমিরের এই ছবি ঘিরে বয়কটের ট্রেন্ড ওঠে। ছবিতে আমিরের অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।




