সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে বজ্রপাতে একই পরিবাররের পাঁচ জনসহ ৯ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শিবপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪), আওলিয়া খাতুন (৭)।
আহতদেরকে প্রথমিকভাবে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত-আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে রোপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা মাঠের মধ্যে অবস্থিত একটি বন্ধ শ্যালো মেশিনের ঘরে গিয়ে দাঁড়ান। এ সময় বজ্রপাত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহত-আহত পরিবারের খোঁজখবর নিয়েছি। নিহতদের সরকারি অনুদান হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




