সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া বেতবাগানে চিতাবাঘের দেখা মিলেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চিতাবাঘটি বেতবাগানের ভিতর একটি সরু রাস্তায় বসে থাকা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ওই চিতাবাঘের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেন।
হতেয়া গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, কিছুদিন যাবৎ এলাকার অনেকেই বেতবাগানে এ চিতাবাঘ দেখছে। প্রথমে বিশ্বাস না হলেও আজকে ওই চিতাবাঘের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতংক বিরাজ করছে। আতংক এড়াতে উপজেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
হতেয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, উপজেলার হতেয়া এলাকায় চিতাবাঘের বিচরণ প্রায় তিন মাসের। এলাকার জনসাধারণকে সর্তকতা অবলম্বন করে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। বেতবাগানে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, বিকেলে কিছু শ্রমিক বেতবাগানে গেলে চিতাবাঘ দেখতে পান। ভয়ে চিৎকার করে বাগান থেকে বের হয়ে আসেন।
এ নিয়ে এলাকার মানুষ ভয়ে আছে। স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, বেতবাগানে চিতাবাঘের বিষয়টি দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।




