নিজস্ব প্রতিবেদক

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ছাত্রীনিবাসের সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী। রিভা ও রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে এই ২৫ নেত্রী পদত্যাগের হুমকিও দেন। আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রিভা ও রাজিয়াকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

অভিযোগ ওঠে, রিভা ও রাজিয়ার উপস্থিতিতে তাদের অনুসারীরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে  ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীর ওপর হামলা করে।

ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ ইডেন কলেজে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়, রিভা ও রাজিয়ার অনুমতি ছাড়া কলেজ প্রশাসন শিক্ষার্থীদের কোনো কাগজে সই করেন না।
তবে এ অভিযোগের বিষয়ে কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের কোনো মতামত পাওয়া যায়নি।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিরুদ্ধে বারবার কলেজ প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বিচার দেওয়ার পরেও কোনো সমাধান না পাওয়ায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রিভা ও রাজিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির সমন্বয়ে গঠিত ২ সদস্যের কমিটিকেও ইডেন কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবিগুলো হলো ১. কলেজে একচেটিয়া রাজনীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। ২. প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. সিট বাণিজ্য বন্ধ করতে হবে। ৪. জান্নাতুল ফেরদৌসীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং ৫. কলেজের সিসিটিভির ফুটেজ গায়েব করা যাবে না।