নিজস্ব প্রতিবেদক

দেশে গত একদিনে আরও ১৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৬ জন রোগী শনাক্ত হয়। দৈনিক শনাক্তের হার সামান্য কমে ৫ দশমিক ০১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৫ দশমিক ৭০ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনর মতই ২৯ হাজার ৪১৬ জনে রয়েছে।

গত একদিনে ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।