থার্ডআই ডেস্ক

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আবারও জোরালে ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও কয়েকবার তিনি এ ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন।
বর্তমানে ট্রাম্প আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচারণা চালাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আইওয়া অঙ্গরাজ্যের প্রচারণা সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ২০২৪ সালের নির্বাচনে ‘খুব, খুব, খুব সম্ভবত’ আবারও লড়বেন।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান ট্রাম্প। তবে বারবারই ট্রাম্প ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিপাবলিকান নেতা ট্রাম্প আবারও ভিত্তিহীনভাবে দাবি করেছেন, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণেই তাকে হারতে হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি দুবার প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুবার জিতেছি। আর প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভালো করেছি। ২০১৬ সালের নির্বাচনে যত ভোট পেয়েছি, তার চেয়ে ২০২০ সালের নির্বাচনে লাখো ভোট বেশি পেয়েছি। এখন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে যে কজন ব্যক্তি ক্ষমতাসীন অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের যে কারও চেয়েই অনেক বেশি ভোট পেয়েছি। আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ ও মহিমান্বিত করতে আমি খুব, খুব, খুব সম্ভবত আবারও লড়ব। ’ উল্লসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘খুব শিগগির।

প্রস্তুত হয়ে যান। ’
প্রসঙ্গত, ২০২০ সালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করে ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ২০ লাখ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বাইডেন পেয়েছেন ৮ কোটি ১০ লাখ মানুষ।
বেশ কয়েক মাস ধরেই হোয়াইট হাউসের লড়াইয়ে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়ে আসছেন ট্রাম্প। সেপ্টেম্বরে পেনসিলভানিয়ায় এবং অক্টোবরে টেক্সাসের সমাবেশে অংশ নিয়েও ট্রাম্প বলেছিলেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ওদিকে বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলও ট্রাম্প সমর্থকরা প্রত্যাখ্যান করতে পারেন।   বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে টেলিভিশনে এক ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নেওয়া না হলে তা আবারও দেশকে বিশৃঙ্খলার পথে নিয়ে যাবে।
নির্বাচনের ফল নিয়ে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাজনৈতিক সহিংসতার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকরা ‘ষড়যন্ত্র ও বিদ্বেষের’ ভুয়া তথ্য ছড়াচ্ছেন।

বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় রিপাবলিকান শিবির থেকে বলা হয়েছে, তিনি দেশকে ভাগ করছেন এবং ভুল দিকে চালিত করছেন।

যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অনেক সময় দেশটির কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর গভর্নর পদে নানা মাত্রায় পরিবর্তন আসে। বিশ্লেষকরা বলছেন, এবার রিপাবলিকান শিবির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে। তবে উচ্চকক্ষ সিনেটে যেকোনো কিছুই ঘটতে পারে।

ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া টিভি ভাষণে ট্রাম্পের নাম উল্লেখ না করে নানা ধরনের সতর্কবার্তা দেন জো বাইডেন। নির্বাচনের ফল রিপাবলিকান শিবির কর্তৃক অস্বীকার করার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি ট্রাম্পকে ‘পরাজিত সাবেক প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দেন।
এ সময় বাইডেন দাবি করেন, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি দিয়ে আক্রমণের ঘটনা ট্রাম্পের নির্বাচনী বক্তব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। রিপাবলিকানদের এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বাইডেন বলেন, ‘এটি অভূতপূর্ব, বেআইনি এবং অ-আমেরিকান আচরণ।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি নিজেদের বাড়িতে এক হামলাকারীর ‘সহিংস আক্রমণের শিকার’ হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ওই হামলার ঘটনায় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ভয়ানক রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।