ক্রীড়া প্রতিবেদক

ইরানের পরিস্থিতি নিয়ে বিশ্বকাপের মঞ্চে মুখ খুললেন সেদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি। ৩২ বছর বয়সি এই খেলোয়াড় বলেন, ‘ইরানে চলমান বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি তার দলের সমর্থন রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের মানতে হবে যে আমাদের দেশের পরিস্থিতি ঠিক নেই এবং আমাদের জনগণ সুখী নয়।’

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে ইরান। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে ইরানের অধিনায়ক বলেন, ‘অন্য কোনও কিছুর আগে, আমি ইরানে শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাতে চাই।’
এরপর তিনি বলেন, ‘তাদের জানা উচিত যে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সমর্থন করি এবং তাদের প্রতি সহানুভূতিশীল।’

প্রসঙ্গত, এর আগে নিজেদের দেশের জনগণের ওপর অত্যাচার চালানোর কারণে বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন সেদেশের জনগণেরই একাংশ। কিন্তু ফিফা সেই পথে হাঁটেনি। আর এবার বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করেই আন্দোলকারীদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন অধিনায়ক এহসান।

এহসান বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতিকে অস্বীকার করতে পারি না। আমার দেশের পরিস্থিতি ভালো নয় এবং খেলোয়াড়রাও এটা জানে। আমরা এখানে আছি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের (প্রতিবাদী) কণ্ঠস্বর হতে পারি না, বা তাদের সম্মান করা উচিত নয়। আমাদের যা কিছু আছে তা তাদের কাছ থেকেই পাওয়া। আমাদের লড়াই করতে হবে। আমাদের যথাসাধ্য পারফর্ম করতে হবে। এবং গোল করতে হবে। এবং ইরানের সাহসী জনগণকে জয় এনে দিতে হবে। এবং আমি আশা করি, জনগণের প্রত্যাশা মতো পরিস্থিতি পরিবর্তিত হবে।’

উল্লেখ্য, ইরানে ইসলামি সরকারের বিরুদ্ধে গত দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত বিক্ষোভে ইরানি সরকারি বাহিনীর গুলিতে প্রায় ৪০০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১৬,৮০০ জনেরও বেশি। গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর থেকেই হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল সেই দেশ। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই ‘বিদ্রোহ’ দমন করতে পারেনি ইরানের সরকার। এবার সেই বিদ্রোহের আঁচ এসে পড়ল বিশ্বকাপের মঞ্চে।