নিজস্ব প্রতিবেদক
কাতার বিশ্বকাপে এডেন হ্যাজার্ড-কেভিন ডি ব্রুইনদের বেলজিয়াম মাঠে নামতে যাচ্ছে আজ। আল রাইয়ান স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কানাডা। যারা ৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বেলজিয়াম কাগজে-কলমে ঢের এগিয়ে কানাডার চেয়ে। তবে তিন যুগ পর বিশ্বকাপ খেলতে নামা কানাডার হারানোর কিছু নেই। তারা খেলবে নির্ভয়ে। বেলজিয়ামের ওপর আছে ‘গোল্ডেন জেনারেশন’ নামের প্রতি সুবিচারের চাপ।
বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের অনেকেরই বয়স বিবেচনায় এটি শেষ বিশ্বকাপ। ভালো কিছু করার তাড়নার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক ইডেন হ্যাজার্ড। অপর দিকে কানাডা দল উজ্জীবিত।
সবশেষ ম্যাচে জাপানকে হারিয়েছে তারা ২-১ গোলে। তার আগে বাহরাইনের সঙ্গে করে ২-২ গোলে ড্র। বিশ্বকাপ বাছাইয়ে কনকাকাফ অঞ্চলে শীর্ষে থেকে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কানাডা। ওই অঞ্চলের দুই শক্তিশালী দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে হারেনি কানাডা।
দুই দলের সঙ্গেই একটি করে জয় ও ড্র ছিল বিশ্বকাপ বাছাইয়ে। নিজেদের অঞ্চলে সর্বোচ্চ গোলও করে কানাডা। তাই কানাডাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।




