ক্রীড়া প্রতিবেদক
এক মাসের রাত জাগার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। বিশ্বকাপের বাকি যে আর মাত্র চার ম্যাচ। শিরোপার জন্যও লড়াই করবে চার দল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। আর সেই ম্যাচ দিয়েই বদলে যাবে বিশ্বকাপের বল।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শেষ আটের লড়াইয়ে ব্যবহৃত হয়েছে ‘আল রিহলা’ বল। যার অর্থ ভ্রমণ। মধ্যপ্রাচ্যের দেশে প্রথমবার ফুটবলের এই মহাযজ্ঞে বদলে যাচ্ছে বল। বাকি চার ম্যাচে রিহলা দিয়ে আর খেলা হবে না। তার বদলে আসছে ‘আল হিলম’ নামে নতুন বল, যার অর্থ ‘স্বপ্ন’।
আগামী ১৩ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ে নামবে ক্রোয়েশিয়া। দুই ম্যাচের জয়ী দলরা যাবে ফাইনালে। পরাজিত দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সবগুলো খেলাই দলগুলোর কাছে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে। আর তাই সেখানে ফুটবলাররা খেলবে আল হিলম বল দিয়ে।
বলটিতে একটি ভিন্ন গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে অফসাইড সনাক্তকরণের প্রযুক্তিও রয়েছে। যাতে আরও দ্রুত ও নির্ভুলভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রয়েছে। নতুন প্রযুক্তিটি বলের কেন্দ্রে অবস্থিত। জড়তা পরিমাপ ইউনিট (IMU) দ্বারা প্রদত্ত ডেটার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করে বলে জানিয়েছে বলটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।




