ক্রীড়া প্রতিবেদক

ডাচদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে উঠে গেছে আর্জেন্টিনা। তাদের সেই জয়ের পর কেটে গেছে ৪৮ ঘণ্টা। চূড়ান্ত হয়েছে আরও দুই সেমিফাইনালিস্ট। তবে সেই ম্যাচের রেশ এখনও কাটেনি। মাঠে ও মাঠের বাইরে লিওনেল মেসির বিনয়ী হিসেবে বেশ সুনাম আছে। চিরশান্ত সেই মেসিও কিনা ম্যাচের পর হয়ে গেলেন অন্য রকম!
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ভাউট ভোগহোর্স্টকে ধমক দিয়েছেন তিনি। এই ফরোয়ার্ডের জোড়া গোলেই নির্ধারিত সময়ে সমতায় ফেরে নেদারল্যান্ডস। এ ছাড়া মেসি জয় উদ্‌যাপন করতে একবার চলে গিয়েছিলেন নেদারল্যান্ডসের ডাগআউটের কাছে। সেখানে গিয়ে তিনি ডাচ কোচ ফন গালের দিকে তাকিয়ে কানে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে উদ্‌যাপন করেন।

হতাশায় ভেঙে পড়া ডাচ খেলোয়াড়দের সামনে গিয়ে কানের কাছে হাত দিয়ে বিশেষ ভঙ্গিতে উদ্‌যাপন করে জয় উদযাপন করেন আর্জেন্টাইন ফুটবলাররা। আর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে বলেছিলেন, মনে হচ্ছিল তিনি ডাচদের পক্ষে বাঁশি বাজানোর উপলক্ষ খুঁজছিলেন!
সব মিলিয়ে ম্যাচ শেষে ফিফা তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে শেষ পর্যন্ত অবশ্য কাউকে কোনো শাস্তি দেওয়া হয়নি। ফিফা থেকে জানানো হয়েছে, উদ্দাম উদ্‌যাপন সেন্সরের আওতায় আনা হবে না।