ক্রীড়া প্রতিবেদক

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল লিওনেল মেসিদের। সেই পরাজয়ের অনেকেই আর্জেন্টিনাকে নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু সব আশঙ্কা দূর করে তারা ঘুরে দাঁড়িয়েছেন। সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসির পায়ের জাদু দেখছে কাতার। তবে শেষ চার খেলতে নামার আগে আলোচনায় আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্ট শেষ হলেই কি অবসর নেবেন তারকা এই ফুটবলার?
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আশা করি মেসি আরও বেশ কিছু ম্যাচ খেলবে। দেখা যাক কি করে। আমরা তার খেলা উপভোগ করব। আমাদের দলের জন্য তার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব ফুটবলের জন্যও সে খুব গুরুত্বপূর্ণ একটা নাম।’

অবসর গুঞ্জনে সমর্থকদের ডুবিয়ে রাখা মেসিকে শান্ত স্বভাবের বলেই জানেন অনেকে। কখনও তাকে কেউ সেভাবে রেগে যেতে দেখেনি। তবে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা গেছে উগ্র এক মেসিকে।
তার আচমকা এমন আচরণ নিয়ে স্কালোনি বলেন, ‘মেসিকে আমি চিনি। ও সব সময়ই জিততে ভালবাসে। ওর খেলতে চাওয়ার ইচ্ছা আমাদের আনন্দ দেয়। মেসি এখন প্যারিসে খুশি আছে। ওর পরিবারও খুশি আছে।

বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি গোল করেছেন মেসি। গোলের পাস বাড়িয়েছেন দুটি। আর্জেন্টিনা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। বিশ্বকাপ জিততে আর দুটি ম্যাচ জিততে হবে তাদের। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামার আগে স্কালোনি বলেন, ‘আমাদের নিজস্ব কৌশল রয়েছে। কিছু সময় বিপক্ষ কেমন খেলছে তার উপরেও আমাদের খেলা নির্ভর করে। তবে আগের কৌশল আমরা বদলাব না।’
এই ম্যাচে কার্ড সমস্যায় গঞ্জালো মন্তিয়েল এবং মার্কোস আকুনাকে পাবে না আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং রদ্রিগো ডি পল সম্পূর্ণ ফিট। তারা এই ম্যাচে খেলতে পারবেন।