নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দেশে কোথাও গণতন্ত্র নেই। ১৫ দিনে ২৪ হাজার বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার হলো। এটি একটি ফ্যাসিবাদী নমুনা।

তিনি বলেন, অনেক আওয়ামী লীগার বঙ্গবন্ধুর আত্মজীবনীর কথা বলেন এবং বইটি বিলিও করেন। কিন্তু বইতে বঙ্গবন্ধুর যে আদর্শ লিপিবদ্ধ আছে তা কী আওয়ামী লীগের নেতারা বাস্তবায়ন করেন? তারই কন্যা আজ আইনকে নির্বোধ বানিয়ে অপব্যবহার করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক নেতাকর্মী ডা. জাফরুল্লাহর কাছে ফুলের তোড়া দিয়ে ভাসানী অনুসারী পরিষদে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

জাফরুল্লাহ বলেন, হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ডাদেশ থাকলেও তাকে জামিন দেওয়া হয়। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ খালেদা জিয়ার জামিন হয় না। হাইকোর্টের বিচারপতিরাও আজ মেরুদণ্ডহীন হয়ে পড়েছেন। সবাই সম্মিলিতভাবে অগ্রসর হতে না পারলে এ বৈষম্য থেকে মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, সরকারের এক মন্ত্রী বললেন- কে সাধারণ সম্পাদক হবেন তা নির্ধারণ করবেন একজন। বড় বড় দলে এই সমস্যা। নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা যায় না। যদি তাই হতো তাহলে কর্মীদের প্রতি নেতাদের ভালবাসা ও কমিটমেন্ট ঠিক থাকতো।

জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ২৭ দফা নিয়ে বলেন, এখানে আরও কাজ করতে হবে। আমরা কথা বলতে পারি না, মিছিল করতে পারি না। করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশ অনুমতি দেওয়ার কে? মিছিল সমাবেশে বাধা দেয়া হবে না এটিও দফাতে উল্লেখ রাখতে হবে।
পুলিশের উদ্দেশে তিনি বলেন, যাদের জন্য দিনের ভোট রাতে করেছেন তারাই আপনাদের চাকরিচ্যুত করছেন। আপনারা সাধারণ মানুষের ওপর গুলি চালানো বন্ধ করুন। গরিবের ওপর চাঁদাবাজি বন্ধ করুন। বড়লোকের টাকা খান।