নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মনে হয় এতবার একটা দলের প্রধান থাকা ঠিক না। আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। যেহেতু এখন সারা বিশ্বব্যাপী একটা দুঃসময় তার জন্যই মানা করিনি। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগই মাটি ও মানুষের সংগঠন। এ দেশের জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগই। তিনি বলেন, আওয়ামী লীগের প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য ফিরে এসেছে। প্রথমবার সরকার যখন গঠন করি, আমাদের সিদ্ধান্ত ছিল কেউ কুঁড়ে ঘরে থাকবে না। কুঁড়ে ঘরে কেউ ছিল না, একটা টিনের ঘর দিতে পারলেও আমরা দিয়েছিলাম। আর এখন আমরা আধাপাকা ঘর তৈরি করে দিচ্ছি।
সরকার প্রধান বলেন, দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে।সংগঠনটা যেন ঠিক চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। তিনি বলেন, যাই হোক আপনারা এসেছেন কষ্ট করে। গণভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।
জনগণই আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে নেতাদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে আপনারা আপনাদের এলাকায় খোঁজ নেবেন। রাজনৈতিক নেতা হিসেবে এটা আপনাদের দায়িত্ব যে, আপনার এলাকায় কোনো ভূমিহীন পরিবার বাদ পড়লো কি না। শেখ হাসিনা আরও বলেন, বিএনপি ও জাতীয় পার্টি ক্যান্টনমেন্ট থেকে অবৈধভাবে গড়ে ওঠা দল। তারা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে, কিন্তু জনগণের জন্য কিছু করেনি। আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণ সঙ্গে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।




