নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে নারীদের জন্য থাকছে আলাদা কোচ। অন্তঃসত্ত্বা এবং জ্যেষ্ঠ নাগরিকদের জন্য থাকছে সংরক্ষিত আসন। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোর সব সেবাতেই বিশেষ সুবিধা রাখা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন হচ্ছে। বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রতিটি ট্রেনে নারীদের জন্য একটি কোচ বরাদ্দ থাকবে। যাতে সর্বোচ্চ ৩৯০ জন নারী একই সময়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি, অন্য কোচগুলোতে যাতায়াত করতে পারবেন নারীরা। অন্তঃসত্ত্বা ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেলের কোচের আসন সংরক্ষিত থাকবে।

এদিকে, স্টেশনগুলোতে নারীদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা থাকছে। শিশুদের ডায়াপার পরিবর্তনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেট্রোরেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী করে তৈরি করা হয়েছে মেট্রোস্টেশন ও ট্রেন। হুইলচেয়ার ব্যবহারকারী ও খর্বকায় ব্যক্তিরা যাতে টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, সে জন্য অপেক্ষাকৃত কম উচ্চতায় থাকবে টিকিট বুথ। এ ছাড়া টিকিট ভেন্ডিং মেশিন থেকেও যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজের টিকিট সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থাও থাকছে।

হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের পেইড জোনে সহজে প্রবেশ এবং বের হওয়ার জন্য হুইলচেয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ভাড়া পরিশোধের প্রশস্ত গেট থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের লিফটে সহজে ওঠা-নামার সুবিধার্থে লিফটের ভেতরে ধরার হাতল, কম উচ্চতায় কন্ট্রোল প্যানেল ও নিজের অবস্থান বোঝার জন্য আয়না থাকবে।
এ ছাড়া লিফটের কন্ট্রোল প্যানেলে ব্রেইলপদ্ধতিতে নির্দেশনা, হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য স্টেশনের লিফটের সামনে ঢালু পথ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধাসহ টয়লেট, মূক ও বধির যাত্রীদের জন্য ডিজিটাল নির্দেশিকা, দৃষ্টিপ্রতিবন্ধীদের মেট্রোস্টেশনে চলাচলের জন্য ব্লাইন্ড স্টিক ব্যবহারের সুবিধার্থে হলুদ রঙের ট্যাকটাইল পথ, শৌচাগার, লিফট ও অগ্রাধিকার আসন সহজে বোঝার জন্য প্ল্যাটফর্ম ও মেট্রোরেলে শনাক্তকারী চিহ্ন থাকবে।

ডিএমটিসিএল বলছে, স্টেশন এলাকায় ও মেট্রোরেলের ভেতরে অডিও এবং ভিজ্যুয়াল তথ্য ব্যবস্থাপনা থাকছে, যাতে অন্যান্য যাত্রীর মতো বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরাও শুনে বা দেখে যাতায়াত করতে পারেন। দুর্ঘটনা রোধ এবং হুইলচেয়ার ও ব্লাইন্ড স্টিক ব্যবহারের সুবিধার্থে মেট্রোরেলের কোচের ফ্লোর ও স্টেশনের প্ল্যাটফর্মের উপরিভাগ একই সমতলে রাখার জন্য কোচের নিচে এয়ারব্যাগ সাসপেনশন সংযোজন করা হচ্ছে।