নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর থেকে। বহু প্রতীক্ষিত এই পরিবহন সেবা চালুতে নগরবাসীর উচ্ছ্বসিত। এর মধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিধিনিষেধের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, পোষা প্রাণী নিয়ে কেউ মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন না।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও স্টেশনে বেশ কয়েকটি লিখিত বিধিনিষেধ চোখে পড়ে। তার মধ্যে সবার আগে রয়েছে পোষা প্রাণীর ব্যাপারে সতর্কতা।

এছাড়াও বিপজ্জনক বস্তু বহন, প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা, ট্রেনে খাওয়া দাওয়া, ময়লা ফেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে, মেট্রোরেল ভ্রমণের ক্ষেত্রে কিছু নিয়ম জানিয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে, মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না এবং নিচু স্বরে কথা বলতে হবে।