ক্রীড়া প্রতিবেদক

রাজত্ব ফেলে বিদায় নিলেন ‘ফুটবল সম্রাট’ পেলে। ব্রাজিল কিংবদন্তি শেষ করলেন তার ৮২ বছরের পৃথিবী সফর।
বৃহস্পতিবার পুরো ফুটবল বিশ্বকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেন পেলে। সাও পাওলোর একটি হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।

ব্রাজিলের ক্লাব সান্তোসের হাত ধরে মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে প্রবেশ পেলের। রাজাকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৬ সালে সান্তোসের জার্সিতে ফুটবলে অভিষেক হয় পেলের। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড রয়েছে তার।
ব্রাজিলের সেই ক্লাব রইল, রইল সুদীর্ঘ রেকর্ডের তালিকাও, শুধু রইলেন না সান্তোসের জার্সিতে তৈরি হওয়া ওই কিশোর।
সান্তোসের স্টেডিয়ামেই প্রথম পেলের পায়ের জাদু দেখেছিল ফুটবল বিশ্ব। জাদুকরের মৃত্যুর পর সান্তোসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার সকালে সাও পাওলোর বেসরকারি হাসপাতাল থেকে তার মৃত দেহ নিয়ে আসা হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে।
সেখানে সোমবার ও মঙ্গলবার তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সান্তোসে বৃদ্ধা মায়ের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে পেলের দেহ। বয়সের ভারে শয্যাশায়ী তার মা। বিছানা ছেড়ে উঠে এসে ছেলেকে শেষ বারের মতো দেখার ক্ষমতা নেই তার। তবে মায়ের কোলে না ফিরতে পারলেও মায়ের সামনে দিয়েই শেষযাত্রা হবে তার।
এরপর ব্রাজিলের মেমোরিয়াল নেকরোপোল ইকুমেনিকা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে ফুটবল সম্রাটের। সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যদের থাকার অনুমতি রয়েছে।