নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লউবাখার।
সোমবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থ ও অগ্রাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশেষ করে মানবিক সহায়তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসন, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, উন্নয়ন সহযোগিতা, সমুদ্র বিষয়ক নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ শক্তিশালীকরণ, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, চার দিনের সফরে শনিবার (৭ জানুয়ারি) ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা লউবাখার। রবিবার (৮ জানুয়ারি) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাখাইন রাজ্য থেকে গণহত্যার মুখে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি এবং আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের আন্তরিক প্রশংসা বৈঠকে করেন লউবাখার।
জাতিসংঘে গৃহীত রোহিঙ্গা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সমর্থন এবং রোহিঙ্গা গণহত্যাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র সচিব মাসুদ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও সংস্কৃতি চর্চার সুযোগসহ অন্যান্য সুবিধাদি পরিদর্শন করেন।
সোমবার দুপুরের পর বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) একটি গোলটেবিল বৈঠকে অংশ নেয় সফরকারী প্রতিনিধি দলটি।
বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক কর্নেল ব্রায়ান লিউটি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অফিস ফর নেপাল, শ্রীলংকা, বাংলাদেশের পরিচালক স্কট উরবম, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ মিশন প্রধান হেলেন লাফেইভ এবং রাজনৈতিক শাখার প্রধান আর্তুরো হাইন্স, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাঈম উদ্দীন আহমেদ, মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং আমেরিকা অনুবিভাগের পরিচালক হাসান আব্দুল্লাহ তৌহিদ উপস্থিত ছিলেন।




