নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালিয়েছে সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকরা। স্থানীয় সময় রবিবার এসব হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, বলসোনারোর সমর্থকরা জাতীয় কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করছে। তাদের অনেকে কংগ্রেস ভবনের ছাদে উঠে যায়। সে সময় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে কার্যক্রম চলছিল। বলসোনারো সমর্থকরা কংগ্রেস ভবনের ছাদে সেনাবাহিনীর উদ্দেশে একটি ব্যানার টাঙিয়ে দেয়, যাতে লেখা ছিল ‘হস্তক্ষেপ’।
স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো নিউজে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট প্রাসাদে ঘোরাফেরা করছে বলসোনারোর সমর্থকরা, যাদের গায়ে ব্রাজিলের পতাকার আদলে সবুজ ও হলুদ রঙের পোশাক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ সদস্যকে ঘোড়া থেকে নামিয়ে হেনস্তা করছে উত্তেজিত জনতা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, সরকারের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে হামলায় অংশ নেয় প্রায় তিন হাজার বিক্ষোভকারী। এদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রেসিডেন্ট হিসেবে লুই ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের মাত্র এক সপ্তাহ পর রাজধানীতে হামলা চালাল তার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর সমর্থকরা। এসব হামলার প্রেক্ষিতে ব্রাসিলিয়ায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেন লুলা। চলতি মাসের শেষ পর্যন্ত রাজধানীতেই অবস্থান করবে তারা।
হামলার জন্য বলসোনারোকে দায়ী করে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লুলা বলেন, রাজধানীজুড়ে নিরাপত্তার ঘাটতি ছিল। যার সুযোগ নিয়ে ‘ফ্যাসিবাদী’ ও ‘উন্মাদ’রা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ ধ্বংসযজ্ঞ চালানো লোকজন তাই করেছে, যা এ দেশের ইতিহাসে কখনও হয়নি।




