নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
আজ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশি জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন।
এতে আরও বলা হয়, ১২ থেকে ১৫ জানুয়ারি লু ভারত ও বাংলাদেশ সফর করবেন। তার এই সফরকালে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।
এতে আরও বলা হয়, ভারতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া-ইউএস ফোরামে যোগ দেবেন। এছাড়াও তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কীভাবে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরো বাড়ানো যায় সে ব্যাপারে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।




