নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে প্রথমবারের মতো ব্রেন ডেথ মানুষের প্রতিস্থাপিত কিডনি পাওয়া দুই জন রোগী বর্তমানে উন্নতি করছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুর রহমান।
এর আগে, বুধবার (১৮ জানুয়ারি) ব্রেন ডেথ সারা ইসলামের দিয়ে যাওয়া দুই কিডনি বিএসএমএমইউ এবং কিডনি ফাউন্ডেশনের দুই রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়।
ডা.হাবিবুর শনিবার (২১ জানুয়ারি) জানিয়েছেন, ‘কন্ডিশন খুবই ভালো আছে। যে রগগুলো জোড়া লাগানো হয়েছিল, তার একটা পরীক্ষা হয়, সেখানেও দেখা গেছে— রিপোর্ট ভালো। তবে বিএসএসএমইউ’র রোগীর রক্তচাপ ধীরে ধীরে বাড়ছে। কিডনি ফাউন্ডেশনের রোগীর এখন রক্তচাপ তৈরি হয়নি। তবে আমরা আশা করছি, দ্রুত তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের পর ইউরিন তৈরি হতে একটু সময় নেয়। জীবিত ব্যক্তির হলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়।’




