নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের নয়, আন্দোলনে ব্যর্থ বিএনপির নেতৃত্বের পতন চায় জনগণ।’
আজ রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছে। এ সংকটে বিশ্বের অন্যান্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে।’
‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক হবে’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী। সভায় বাস রুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে ৪টি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়।