নিজস্ব প্রতিবেদক

টানা ১৬ দিন মৃত্যুহীন থাকার পর দেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এবং একইসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ জন।
শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ খবর জানানো হয়েছে।
এর আগে, ১১ জানুয়ারি দেশে কোভিডে এক জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর থেকে মৃত্যুহীন দিন পার করছিল বাংলাদেশ। এ নিয়ে দেশে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪২।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করে নতুন ১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৪৬ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৮৫ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জন হয়েছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ২১৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।