নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে পৌঁছানোর তিন দিন পর সোমবার চিকিৎসা শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বাংলাদেশ সময় সকালে সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে অধ্যাপক ডা. মণীষ তানেজাকে দেখান তিনি। মির্জা ফখরুলের চিকিৎসা শুরু হওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘বিএনপির মহাসচিবের এখন বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে তার স্ত্রী রাহাত আরা বেগমের এখনো চিকিৎসা শুরু হয়নি। এক সপ্তাহের জন্য সিঙ্গাপুরে গেলেও চিকিৎসা শেষ করেই দেশে ফিরবেন মহাসচিব। মির্জা ফখরুল তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর দোয়া চেয়েছেন।’
শুক্রবার সকালে স্ত্রীসহ সিঙ্গাপুর পৌঁছান মির্জা ফখরুল। তারা দুজনই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টার্নাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। রাহাত আরা বেগমের সম্প্রতি ঢাকার এভারকেয়ার হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা রয়েছে তার।




