নিজস্ব প্রতিবেদক
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ থেকে যাওয়া উদ্ধারকারীদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এরপরও তারা সফলভাবে উদ্ধার কাজ সমাপ্ত করেন। তুরস্ক সরকার ও সেখানকার মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। উদ্ধার অভিযান শেষে দেশে ফিরে এসব বুধবার জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
পাঁচ সদস্যের উদ্ধারকারী দলের দলনেতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা বলেন, ‘একটি ৬তলা ভবন ভেঙে একতলা হয়ে গিয়েছে। সেখান থেকে একজন ভুক্তভোগী বের করা কঠিন চ্যালেঞ্জ। বড় একেকটি ভবন বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল, সেখানে আমরা যখন প্রবেশ করি আমাদের জীবনের ঝুঁকি ছিল। সেটি ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। আর সেখানে বারবার আফটার শক হচ্ছিল। প্রতিনিয়ত আমাদের কষ্ট করে থাকতে হয়েছিল। আমরা দুই থেকে তিন কিলোমিটার হেঁটে গেছি, আমাদের যন্ত্রপাতিগুলো কাঁধে করে নিয়ে গেছি। অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু সেখানকার মানুষ আমাদের বলেছে, আমরা বন্ধু না, আমরা ভাই। আমরা সেখানে কাজ করে ভুক্তভোগী উদ্ধার করেছি, আমাদের মিশন সফল হয়েছে। সেখানকার মানুষ আমাদের কাজ দেখে এত অভিভূত হয়েছিল যে বুকে জড়িয়ে ধরেছে’।
তিনি বলেন, ‘আমরা যখন আদিয়ামানে গেলাম তখন দেখলাম সমস্ত শহর বিধ্বস্ত, জনমানব শূন্য। কিন্তু শহরটি ছিল পরিকল্পিত। বড় বড় রাস্তাঘাট সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই-একটি বাড়ি দাঁড়ান ছিল, কিন্তু সেগুলো ছিল ফাটল ধরা, বসবাসের অনুপযোগী। কোনো মানুষ নেই, কিছু পালিত পশুপাখি বিড়াল, কুকুর হাঁটাহাঁটি করছে। যে সমস্ত ভবনে ভুক্তভোগীর উপস্থিতি ছিল সেগুলোতে আমরা কাজ করেছি’।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, ‘উদ্ধার অভিযানে সেখানকার শীত আমাদের কষ্টের কারণ ছিল। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা পরবর্তীতে বাংলাদেশে এমন দুর্যোগ আসলে কাজে লাগাতে পারব’।
বুধবার দুপুরে রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছেন। উদ্ধারকারী দল পাঠানো ছাড়াও আমরা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উষ্ণ বস্ত্র পাঠিয়েছি।




