শাবি প্রতিনিধি::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র সাথে বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নোত্থান’র সভাপতি মো. মোছাদ্দেক হাসান, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি ফাহিম আল হৃদয়, কিন’র সভাপতি সাব্বির আহাম্মেদ, স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক মো. আল ইমরান জাকারিয়া, সুপা’র সাধারণ সম্পাদক প্রেম রাজ সাহা, মাভৈঃ আবৃত্তি সংসদ’র সাধারণ সম্পাদক রাজর্ষি ভট্টাচার্য্য, থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক কনক দাশ, স্পোর্টস সাস্টের সহসাধারণ সম্পাদক মো. তাহসিন রহমান এবং নোঙরের সাংগঠনিক সম্পাদক এস এম ইসতিয়াক।

সভায় সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ তাদের সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং সংগঠনের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। এসময় তারা বলেন, বিশ্ববিদ্যালয় হল মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা চর্চার জায়গা। আমরা আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার জন্য কাজ করছি। বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫০ এর অধিক সংগঠন রয়েছে। আমাদের এখানে সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকান্ডের জন্য নির্দিষ্ট কোন জায়গা না থাকায় আমরা কার্যক্রম চালিয়ে যেতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছি।

তারা আরো বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আমাদের আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় বরং প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আমাদের পরীক্ষা হোক সেটা আমরা চাই কিন্তু শিক্ষার্থীদের আবাসন সমস্যা, ফি মওকুফসহ সকল সমস্যার সুষ্ঠু সমাধান করে পরীক্ষা হোক সেটা আমাদের দাবি। এসময় শিক্ষার্থীদের ৫ দফা দাবি অনতিবিলম্বে মেনে নেয়ার দাবি জানান তারা।

মতবিনিয়ম সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে নিয়ে আসা হয়। আগামীতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে থাকবে বলে তিনি জানান।

এছাড়াও এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি রাজীব হোসেন, যুগ্ম-সম্পাদক জিএম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যনির্বাহী সদস্য হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তারা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।