থার্ডআই ডেস্ক:
নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক ড. ইনামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার দুপুরে হঠাৎ করে বাসায় অসুস্থ হয়ে পড়েন ড. ইনামুল হক। পরে ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা। নাট্যজগতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে একুশে পদক লাভ করেন ড. ইনামুল হক। নাট্যকার হিসেবে ড. ইনামুল হকের পথচলা শুরু ১৯৬৮ সালে। প্রথম লেখা নাটকের নাম ‘অনেকদিনের একদিন’।
টেলিভিশনের জন্য ৬০টির মতো নাটক লিখেছেন তিনি। তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে সেইসব দিনগুলি, নির্জন সৈকতে ও কে বা আপন কে বা পর। মঞ্চের জন্য প্রথম নাটক লেখা নাটকের নাম ‘বিবাহ উৎসব’। এটি লিখেছিলেন উদীচীর জন্যে। তার নিজ দল নাগরিক নাট্যাঙ্গনের জন্য প্রথম লেখা নাটকের নাম ‘গৃহবাসী’। মঞ্চ ও টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় করেছেন ড. ইনামুল হক।




