শাবিপ্রবি প্রতিনিধি

দুই বছর পর নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছেন বরেণ্য শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

অবসর নেওয়ার প্রায় দুই বছর পর শাবিপ্রবি ক্যাম্পাসে আসেন তিনি। এতদিন পর ক্যাম্পাসে জনপ্রিয় এই অধ্যাপককে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থীকে এ সময় তার সাথে সেলফি তুলতে দেখা যায়।

২০১৮ সালের ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য দিতে বুধবার সিলেটে আসেন তিনি।

মামলায় দীর্ঘসূত্রীতা হচ্ছে কী না জানতে চাইলে তিনি বলেন, মামলার সাক্ষ্য দিতে সিলেট এসেছি। মামলাটি পুলিশ খুব ভালোভাবে দেখছে, যেন কোন ধরণের ফাঁকফোকর না থাকে। এজন্য সময়ও একটু বেশি লাগছে। আমার জানা মতে, হলি আর্টিজন ঘটনার মামলার সাক্ষী ৫৪ জন। আমার মামলার সাক্ষী ৬০ জন।

উল্লেখ্য, ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৬ জন অভিযুক্ত হলেন- ফয়জুল হাসান ফয়েজ, ফয়েজের বন্ধু মো. সোহাগ মিয়া, ফয়েজের পিতা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মৎ মিনারা বেগম, মামা মো. ফজলুর রহমান এবং ফয়েজের ভাই এনামুল হাসান।