থার্ডআই ডেস্ক

ভারত-চীন সীমান্তে বিরোধপূর্ণ গালওয়ান উপত্যকায় নিজেদের পতাকা উত্তোলন করেছে চীনের সেনারা। চীনের সরকারি একটি টুইটার হ্যান্ডল থেকে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা শুরু হয়।

তবে ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, যে এলাকায় চীনা সেনা পতাকা তুলেছে, তা বিতর্কিত এলাকা থেকে অনেকটাই দূরে। চীন সরকার টুইটারে বলেছে, ২০২২ নববর্ষে গালওয়ানে চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এটি বিশেষ, কারণ এই পতাকা তোলা হয়েছিল তিয়েনআনমেন স্কয়ারে।

ছবিতে দেখা যায়, চীনের একটি পতাকা একটি আংশিক বরফে ঢাকা পাহাড়ি এলাকায় তোলা হয়েছে। পাশে সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।
প্রাথমিকভাবে বিতর্ক ছড়ালেও ভারতের দাবি, ২০২০ সালের জুনে নদীর বাঁকে যে জায়গায় ভারত-চীন সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন ভিডিও’তে দেখানো স্থানটি সেটি নয়।

ওই সংঘর্ষের প্রেক্ষিতে ২০২০ সালের জুলাইয়ে দেশ দুটি আলোচনায় বসে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে স্থির হয়, বিতর্কিত স্থান থেকে উভয় পক্ষ তাদের সেনাবাহিনীকে দুই কিলোমিটার পিছিয়ে নিয়ে যাবে।