নিজস্ব প্রতিবেদক

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ কোটি ছাড়িয়ে গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৫৪ লাখের বেশি।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রায় ৮ লাখ ২৯ হাজার রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৩ হাজারের বেশি।

এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ কোটি ৬ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৬০ হাজারের বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দাপটে গত কয়েক দিন রীতিমতো সংক্রমণের সুনামি শুরু হয়। গত ৩০ ডিসেম্বর প্রায় ১৯ লাখ রোগী শনাক্তের তথ্য আসে। অবশ্য এরপর থেকে সংক্রমণ কমতে থাকে।

বর্তমানে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে, যদিও তা নিম্নমুখী হতে শুরু করেছে।
এরপর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে ইউরোপে। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানিতে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। এদিকে বাংলাদেশেও গত কয়েক দিন শনাক্ত রোগী বাড়ছে। সংক্রমণ বাড়তে থাকায় প্রতিবেশী ভারত ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।