নিজস্ব প্রতিবেদক
এবার করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দিচ্ছিল সরকার। পরবর্তীতে তা কমিয়ে ৫০ বছর করা হয়। এখন ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে ১২ বছরের বেশি সবাই করোনার টিকা পাবে। যারা স্কুলে যায় না, তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে, না নিয়ে এলেও পাবে।




