নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্ত ও মৃত্যু বেড়েছে। একদিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩৬৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৩ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে ২২ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ৪ জন রাজশাহীর, ২ জন ময়মনসিংহ ও ১ জন সিলেট বিভাগের। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জনের। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৩৬৩ জন।




