নিজস্ব প্রতিবেদক

সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে মুম্বাইয়ের শিবাজি পার্কে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য শুরু হয়েছে।
ভারতের জাতীয় পতাকায় মোড়ানো লতা মঙ্গেশকরের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়েছেন দেশটির সেনাসদস্যরা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান। ভারতরত্ন লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকালেই তিনি বিমানে মুম্বাই পৌঁছান।

লতা মঙ্গেশকরের ভাইয়ের ছেলে আদিত্য মঙ্গেশকর তার মুখাগ্নি করবেন।

শিবাজি পার্কে একের পর এক বাজানো হয়েছে লতার গান।   প্রয়াত শিল্পীর বাড়িতে উপচে পড়ছিল ভক্তদের ভিড়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ, রাজনীতিক,  বলিউডের তারকারা একে একে শিবাজি পার্কে  উপস্থিত হন।
লতা মঙ্গেশকরের বোন ভারতের সংগীত জগতের আরেক কিংবদন্তি আশা ভোঁশলে, উষা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা শিবাজি পার্কে উপস্থিত ছিলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এসিপি প্রধান শরদ পাওয়ার, গীতিকার জাভেদ আখতার, ড্রিম গার্ল হেমা মালিনী, বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, গায়িকা অনুরাধা পাড়োয়ালসহ আরো অনেকে প্রিয় শিল্পীর মৃতদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।

গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।