নিজস্ব প্রতিবেদক

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট ছেড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। অনলাইনে ছাড়া টিকিট যেন সোনার হরিণে পরিণত হয়েছে। পাঁচ ঘণ্টার মধ্যে যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সুপার টুয়েলভ পর্বে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২৩ অক্টোবর বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে এই দুই দল। মেলবোর্নে দর্শক ধারণক্ষমতা ১ লাখ। ভারত-পাকিস্তান ম্যাচকে লক্ষ্য করে সাধারণ দর্শকদের জন্য ৬০ হাজার টিকিট বরাদ্দ রেখেছিল আইসিসি।

সংস্থাটি জানায়, অপেক্ষমাণ তালিকা এবং অফিশিয়াল হসপিটালিটি এবং আইসিসি ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্রোগ্রামস থেকে আরো কিছু টিকিট পেতে পারেন দর্শকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভ, সেমিফাইনাল, ফাইনালসহ সর্বমোট ৪৫টি ম্যাচের টিকিট সোমবার থেকে বিক্রি শুরু করছে আইসিসি।

ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় টিকিট বিক্রি শুরু হয়, সাড়ে ১১টায় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ দেখার জন্য শিশুদের (২-১৬ বছর বয়সী) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ ডলার করে। আর প্রাপ্তবয়স্কদের টিকিট সর্বনিম্ন ২০ ডলার করে।