নিজস্ব প্রতিবেদক
বিপিএল শেষ। এবার বাংলাদেশ জাতীয় দলের জন্য অপেক্ষা করছে আফগানিস্তান সিরিজ। এ সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের দল ঘোষণা হয়েছে আগেই। রবিবার স্কোয়াডের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এরই মধ্যে ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছেছেন। ওয়ানডে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে শনিবার। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা ঢুকে যাবে জৈব-সুরক্ষা বলয়ে।
এই সিরিজ থেকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব শুরুর কথা জেমি সিডন্সের।
তবে ক’দিন আগে এই অস্ট্রেলিয়ান করোনা পজিটিভ হন। তিনিও এদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
নেগেটিভ ফল পেলে তিনিও দলের সঙ্গে যোগ দেবেন। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ঢাকায় ফিরেছেন এরই মধ্যে।
আফগানিস্তান দল একটু আগেভাগেই বাংলাদেশে এসেছে। সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করে যাচ্ছিল তারা। কয়েক জন ক্রিকেটার অবশ্য বিপিএলের জন্য আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিলেন। রশিদ খান, মোহাম্মদ নবিদের ছিল পিএসএলের ব্যস্ততা। সেই ব্যস্ততা শেষে রশিদ, নবি ও রহমানউল্লাহ গুরবাজও বাংলাদেশে পৌঁছে গেছেন। সরাসরি চট্টগ্রামে দলের সাথে যোগ দেবেন তারা।
আর সিলেটে ক্যাম্প শেষ করে শনিবার চট্টগ্রামে পৌঁছেছে আফগানিস্তান দলের বাকি সদস্যরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনও ছিল তাদের।




