নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার এবিমোবোয়ির হ্যাটট্রিকে বারিধারাকে ৪-২ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বসেন পিটার। ১২তম মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটির করেন তিনি।

এরপর ৩৮ ও ৪১ মিনিটে পরের দুই গোল।
তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া চ. আবাহনী ৬১তম মিনিটে ফের জালের দেখা পায়। দলের চতুর্থ গোলটি করেন ওমিদ পোপালজাই। ৬৮তম মিনিটে একটি গোল শোধ দেয় বারিধারা। অতিরিক্ত তৃতীয় মিনিটে আরেকটি গোল করলেও ব্যবধানটুকু কমাতে পেরেছে সোহেল রহমানের দল।
টানা দুই হারের পর জয়ে ফিরল চ. আবাহনী। এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বন্দর নগরীর ক্লাবটি। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বারিধারা।