নিজস্ব প্রতিবেদক
আজ বিশ্ব মা দিবস। মা দিবসে মা’কে নিয়ে লেখায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তারকারাও মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন। রবিবার প্রথম প্রহর থেকেই সোশাল হ্যান্ডেলে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন মায়ের প্রতি।
ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান মাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছো, সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি। আমার এবং পৃথিবীর সব মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা। ’
অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘আমাদের কাছে প্রতিদিনই মা দিবস, বাবা দিবস। শুধু বিশেষ একটি দিনে নয়। সারা বছর মা-বাবা থাক প্রতিটি সন্তানের যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায়। কাছে-দূরে অথবা পরপারে সকল মা-বাবা ভালো থাকুন। সকল মাকে শ্রদ্ধা, সন্তানদের পৃথিবীর আলো দেখবার সুযোগ করে দেবার জন্য। ’
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও মা ও নিজের পোষ্যপ্রাণীদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘সব পোষ্য মাকে মা দিবসের শুভেচ্ছা।
’
চিত্রনায়িকা বুবলী তার মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘আম্মু, আমার অক্সিজেন ও আমার দুনিয়া। পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা। ’
বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘সব মাকে মা দিবসের চমৎকার উদযাপনের শুভেচ্ছা। ’
কণ্ঠশিল্পী-প্রযোজক ধ্রুব গুহ মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা। ’
এদিকে আজই রত্নগর্ভা মা হিসেবে পদক পেয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের মা কবি খোশনূর। পদক নেওয়ার ছবি পোস্ট করে আঁখি লেখেন, ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা, আজকের মা দিবসের সেরা প্রাপ্তি আমার জন্যে, আমার মায়ের জন্যে, যেন আমাদের ভালবাসা আর সম্মানের লেনদেন হলো। পৃথিবীর সব মা ভালো থাক। ’




