থার্ডআই ডেস্ক

স্পেনের তো বটে বার্সেলোনারও সম্ভাবনাময়ী দুই তারকা— আনসু ফাতি ও গাভি। অল্প বয়সেই ফুটবল বিশ্বের নজর কেড়েছেন দুজনে।
ক্যাম্প ন্যু ছেড়ে মেসি চলে যাওয়ার পর তার উত্তরসূরি ভাবা হচ্ছে ফাতিকে। আর গাভি যেন সাবেক মিডফিল্ডার জাভির জেরক্স কপি।

ইতোমধ্যে দুজনের ভেতর এক রেকর্ডও অদল-বদল হয়ে গেলো। ১৯ বছর বয়সী ফাতির রেকর্ড ভেঙে দিয়েছেন তার দুই বছরের ছোট গাভি। স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী হিসেবে গোলদাতা এখন এই মিডফিল্ডার।
যে শঙ্কা নিয়ে স্পেন প্রাগ সফরে যায়, তা সত্যি হতে বসেছিল। উয়েফা নেশনস লিগে নিজেদের গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
এই ম্যাচটিকে চ্যালেঞ্জে হিসেবে নিয়েছিলেন কোচ লুইস এনরিখে। কারণ চেকদের বিপক্ষে জয় যেন ‘সোনার হরিণ’। প্রাগে সর্বশেষ জয় পাওয়া দল জার্মানি, ২০১৭ সালে। আর এনরিখের শঙ্কা অক্ষরে অক্ষরে ফলতে বসেছিল।

৮০ শতাংশ বল দখলে রেখেও পরাজয় এড়াতে পেরেই যেন স্বস্তি তাদের।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে এগিয়ে যায় চেক। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে রদ্রির অ্যাসিস্টে স্পেনকে সমতায় ফেরান গাভি। এই ঐতিহাসিক গোলে তিনি ফাতির রেকর্ড ভাঙেন। ১৭ বছর ৩০৪ দিন স্পেনের হয়ে প্রথম গোল পেলেন বার্সা তারকা। ফাতি রেকর্ডটি গড়েছিলেন ভালদেবেবোসে ইউক্রেনের বিপক্ষে। স্পেনের জার্সিতে প্রথম গোলটি করেছিলেন ১৭ বছর ৩১১ দিন বয়সে।
স্পেনের বিপক্ষে ৬৬তম মিনিটে ফের এগিয়ে যায় চেক। শেষ মূহূর্তে গোলটি শোধ দেন ইনিগো মার্তিনেজ। ৯০তম মিনিটে আসানসিওর পাসে জাল খুঁজে নেন অ্যাতলেতিক বিলবাও ডিফেন্ডার।