ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রকোপ সামলে যেন জ্বলে উঠেছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দীর্ঘ তিন মাস বিরতির পর গত সোমবার রাতে টানা নবম জয় তুলে নিলো জিনেদিনে জিদানের শিষ্যরা।
গ্রানাডার মাঠে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। মার্সেলোর জায়গায় মাঠে নামা ফেরলঁদ মঁদির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। স্বাগতিকদের একমাত্র গোলদাতা দারউইন মাচিস। রিয়ালের দুটি গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে।
কষ্টের জয়ে বার্সেলোনা থেকে আবারও ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৮৩। দুইয়ে থাকা গত দুবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৯। শেষ দুই রাউন্ডে আর ২ পয়েন্ট পেলে অন্য কোনো হিসেব ছাড়াই দুই বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে রিয়াল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অলৌকিক কিছু না ঘটলে শিরোপা হাতছাড়া হবে না রিয়ালের।
অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগে দারুণ ছন্দে এগিয়ে চলা রিয়াল ১৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায়। দশম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন মঁদি। বাঁ দিক দিয়ে এক পা দু-পা করে অনেকটা এগিয়ে ডি-বক্সের সামনে গিয়ে আচমকা লম্বা করে বল বাড়িয়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে যান তিনি। দুরূহ কোণ থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই লেফট-ব্যাক। গত বছরের জুনে লিওঁ থেকে বের্নাবেউয়ে যোগ দেওয়া মঁদির রিয়ালের হয়ে এটা প্রথম গোল।
ছয় মিনিট পর আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে শিরোপার পথে ছুটে চলা দলটি। ডান দিক থেকে লুকা মদ্রিচের বাড়ানো ক্রস ধরে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরালো উঁচু শটে গোলটি করেন বেনজেমা। আসরে ফরাসি ফরোয়ার্ডের এটি ১৯তম গোল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে গ্রানাদা। মাঝমাঠে কাসেমিরোর হারানো বল ধরে মিডফিল্ডার এররেরা দ্রুত এগিয়ে বাড়ান মাচিসকে। ডি-বক্সে ঢুকে বাঁ দিক দিয়ে নিচু শটে কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড।
গোল পেয়ে যেন নতুন উদ্যমে জেগে ওঠে গ্রানাদা। পরের ১৫ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে তারা। সেই ঝাপটা সামলাতে ভালোই বেগ পেতে হয় রিয়ালের।
৮৫তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আন্তোনিনের হাফ-ভলি কোর্তোয়া ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। সতীর্থের পা ঘুরে ডি-বক্সে বল পেয়ে যান নাইজেরিয়ার মিডফিল্ডার রেমন আজিজ। তার শট গোললাইন থেকে ফিরিয়ে মূল্যবান ৩ পয়েন্ট নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক সের্হিও রামোস।
করোনাভাইরাস বিরতির পর ‘নতুন রূপে’ ফেরা লিগে ৯ ম্যাচ খেলে সবকটিতেই জিতল রিয়াল। জয়ের ধারা ধরে রাখতে পারলে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে শিরোপা জয়ের আনন্দে ভাসবে জিদান ও তার দল। সেদিন ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সবশেষ ২০১৭ সালে লিগ জেতা মাদ্রিদের দলটি।
জিই/১৪/০৭



