নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার এলখাল গ্রামে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিফাত (৮), তার মামা তারা মিয়া (৩০) ও নানি হোসনেয়ারা বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঙ্গরা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত।

এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গেলে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা মারা যান।