থার্ডআই ডেস্ক
ভারী বৃষ্টিপাতের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণে লাস তেজেরিয়াস শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও ৫০ জন।
সোমবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে মধ্য ভেনেজুয়েলায় পাঁচটি ছোট নদী প্লাবিত হওয়ার পরে কমপক্ষে ২৫ জন মারা গেছেন।
এ ঘটনায় এখনও ৫০ জন নিখোঁজ রয়েছে।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ স্থানীয় সময় রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের পর শনিবার সন্ধ্যায় আশপাশের পর্বতগুলো থেকে বড় বড় গাছের গুঁড়ি ও আবর্জনা নদীগুলো দিয়ে নেমে এসে লাস তেজেরিয়াস শহরকে লণ্ডভণ্ড করে দেয়। এলাকাটি রাজধানী কারাকাস থেকে ৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দেশটি কর্মকর্তারা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট আকস্মিক বন্যায় তেজেরিয়াস এলাকার পানি সরবরাহের পাম্পগুলো ভেসে গেছে।
তারা আরও জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাদা ও পাথরের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনী ও উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে নদীর তীরগুলোতে তল্লাশি চালাচ্ছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটে বলেছেন, তিনি ওই অঞ্চলকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে চিহ্নিত করে তিন দিনের শোক ঘোষণা করেছেন।




