ক্রীড়া প্রতিবেদক
কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে স্টেডিয়াম এলাকায় অ্যালকোহল নিষিদ্ধের ঘোষণা দেয় ফিফা। তবে নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে যারা কয়েক হাজার হাজার ডলার খরচ করছেন তাদের সরবরাহ করা হচ্ছে বিয়ারসহ অন্যান্য অ্যালকোহল যুক্ত পানীয়।
নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জানায়, ভিআইপি এবং ভিভিআইপিদের জন্য শ্যাম্পেন, স্কচ, জিন, হুইস্কি, ওয়াইন এবং অন্যান্য পানীয় দেওয়া হচ্ছে যা সাধারণের জন্য প্রযোজ্য নয়।
তারা জানায়, উদাহরণস্বরূপ ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা চলাকালীন আল বায়েত স্টেডিয়ামে তিন হাজার ডলারের আসনে বারের মেনুতে শ্যাম্পেন, চিভাস রিগ্যাল, ১২ বছরের পুরনো হুইস্কি, মার্টেল ভিএসওপি ব্র্যান্ডি এবং জোস কুয়েরভো ১৮০০ টাকিলা সরবরাহ করা হয়।
নিউইয়র্ক টাইমস জানায়, সাধারণ টিকিটধারীরা যেখানে বিয়ার পানেরও অনুমতি পায়নি সেখানে এ ধরনের সেবা অন্য মাত্রার বৈষম্য নিয়ে আসে। ।
তাদের প্রতিবেদনে বলা হয়, এসব স্যুট করপোরেশন, রাজপরিবার এবং বিলিয়নেয়াররা কিনে থাকেন। সেখানে ম্যাচ চলাকালীন অতিথিদের জন্য অ্যালকোহল পরিবেশন করার সুযোগ রয়েছে। এসব প্যাকেজ শুরু হয়েছে ৯৫০ ডলার দিয়ে। শুরু তে ওয়াইন এবং বিয়ার অফার করা হয়। আর সবচেয়ে দামি স্যুটের ভাড়া জনপ্রতি পাঁচ হাজার ডলার। যাদের জন্য একজন তারকাকে হাজির রাখা হয়। এক সৌদি সাংবাদিক নিউইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব ভআিইপি সাধারণত ব্যবসা এবং ব্যাংকিং সেক্টর থেকে আসেন।
তিনি বলেন, ভিভিআইপিরা হলেন আমির এবং তার চারপাশের লোকরা; তার পরিবার, তার বাবা এবং বিদেশি কর্মকর্তারা। এর মধ্যে রয়েছেন সম্ভবত, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যারা উদ্বোধনী ম্যাচের সময় আমিরের কাছে বসেছিলেন। সে সঙ্গে জ্যারেড কুশনার এবং ইভাঙ্কা ট্রাম্প, যাদের যুক্তরাষ্ট্রের ম্যাচে বিলাসবহুল বক্সে দেখা গিয়েছিল। সবচেয়ে দামি পার্ল স্যুট অবস্থিত লুসাইল স্টেডিয়ামে। সেমিফাইনাল এবং ফাইনালসহ ১০ ম্যাচের জন্য জনপ্রতি খরচ করতে হবে ৩৪ হাজার ৩০০ ডলার।




