থার্ডআই ডেস্ক
প্রায় দুমাস আগে হামলার শিকার হওয়া রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র কার্চ সেতুর ওপর দিয়ে নিজেই গাড়ি চালিয়ে পার হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় গাড়িতে তার সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুল্লিন।
সম্প্রতি পুতিনের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয় পুতিন মস্কোতে তার সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। এরপর আঘাতজনিত কারণে প্যান্টেই মলত্যাগ করে দেন তিনি। বলা হয় তিনি গুরুতর অসুস্থ। তার কোলোন ক্যানসার হয়েছে।
এমন খবর প্রকাশের পরপরই সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পুতিন নিজেই গাড়ি চালিয়ে ক্রিমিয়া সেতুতে ঘুরছেন।
পুতিনের ৭০ তম জন্মদিনের পরদিন ৮ অক্টোবর সকালে সেতুটিতে বোমা হামলা চালানো হয়। এর জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। যদিও ইউক্রেন কখনো এই হামলার দায় স্বীকার করেনি।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুযায়ী এই হামলা চালানো হয় বলে দাবি করেছিল রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, সোমবার সেতুটি পরিদর্শনে যান পুতিন। নিজেই একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতু পার হন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটির মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। একটি ভিডিওতে পুতিনকে সেতুতে হাঁটতেও দেখা গেছে।




